দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৯টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আগামী কয়েক দিন ঘন কুয়াশার প্রভাব বজায় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বিমান চলাচল, সড়ক ও অভ্যন্তরীণ নৌপরিবহন সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের অধিকাংশ এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এদিনও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৫ জানুয়ারি) থেকে দেশের নদী অববাহিকাগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এদিনও প্রায় স্থিতিশীল থাকতে পারে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ও বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু অঞ্চলে কুয়াশার ঘনত্ব বাড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস রয়েছে। বিশেষ করে নদী অববাহিকা এলাকায় কুয়াশার প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে কুয়াশাজনিত ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।